সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসা৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলো ভুট্টা, খালাস কার্যক্রম শুরু

৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলো ভুট্টা, খালাস কার্যক্রম শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলো ভুট্টা, খালাস কার্যক্রম শুরু

দীর্ঘ আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ভুট্টার চালান এসেছে। ২০২৫–২৬ ফসল মৌসুমে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে উৎপাদিত ৫৭ হাজার ৮৫৫ টন হলুদ ভুট্টা নিয়ে আসা এই চালানের খালাস কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে।


বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীর ঘাটে আনুষ্ঠানিকভাবে ভুট্টা খালাস কার্যক্রম উদ্বোধন করা হয়।


এই চালানকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে ‘দ্য রিটার্ন অব ইউএস কর্ন টু বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট। এ সময় দেশের শীর্ষ তিন পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান—নাহার অ্যাগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এরিন কোভার্ট বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ আট বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টা আবার বাংলাদেশে ফিরেছে। আমরা আমদানিকারকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং ভুট্টার মান ও সরবরাহ ব্যবস্থার নিশ্চয়তা দিচ্ছি। ভবিষ্যতে প্রতিবছর প্রায় ২০ লাখ মেট্রিক টন ভুট্টা বাংলাদেশে রপ্তানির লক্ষ্য রয়েছে।


এই ভুট্টা রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন করপোরেশন (ইউজিসি)। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাহার অ্যাগ্রো গ্রুপ ১০ হাজার টন, প্যারাগন গ্রুপ ১৯ হাজার টন এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ২৯ হাজার টন ভুট্টা আমদানি করেছে।


এমভি বেলটোকিও নামের জাহাজে করে গত ৩১ ডিসেম্বর কুতুবদিয়ায় পৌঁছায় ভুট্টার মূল চালান। সেখান থেকে লাইটার জাহাজে করে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নোয়াপাড়াসহ বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। বুধবার যে লাইটার জাহাজ থেকে খালাস কার্যক্রম উদ্বোধন করা হয়, তাতে প্রায় আড়াই হাজার টন ভুট্টা রয়েছে।

নাহার অ্যাগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল বলেন, বাংলাদেশে ভুট্টার মোট চাহিদার মাত্র ৩০ শতাংশ দেশীয় উৎপাদনে পূরণ হয়, বাকি অংশ আমদানির ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আমদানির মাধ্যমে এই চাহিদা পূরণ আরও সহজ হবে।


তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আনতে প্রায় ৪৫–৪৬ দিন সময় লাগে এবং প্রতি টনের দাম পড়েছে ২৪৬ মার্কিন ডলার, যা ব্রাজিলসহ অন্যান্য উৎসের দামের কাছাকাছি।