রুশ তেল কেনায় যুক্তরাষ্ট্রের শুল্কে খুশি নন মোদি, স্বীকার ট্রাম্পের
রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘তেমন একটা খুশি নন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে নির্মিত অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদি সরাসরি তার সঙ্গে কথা বলেছেন এবং তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন।
প্রতিরক্ষা উৎপাদন ও বৈদেশিক সামরিক বিক্রির দীর্ঘসূত্রতার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “মোদি আমার কাছে এসে বলেছেন, ‘স্যার, আমি পাঁচ বছর ধরে অপেক্ষা করছি।’ আমরা এটা বদলাচ্ছি, আমরা এটা বদলাচ্ছি।”
মোদির সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছিল। এ বিষয়ে আলোচনার জন্য মোদি সরাসরি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান বলেও তিনি জানান।
তবে বাণিজ্যনীতির কারণে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপড়েন তৈরি হয়েছে বলে স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, “তিনি (মোদি) আমার ওপর খুব খুশি নন, কারণ এখন ভারতকে অনেক শুল্ক দিতে হচ্ছে।”
ট্রাম্প আরও বলেন, রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ভারত উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। তবে রুশ তেল আমদানির কারণে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার অর্থনীতি শক্তিশালী হচ্ছে—এমন যুক্তিতে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভারতের রুশ তেল আমদানি নিয়ে উদ্বেগ দূর না হলে ভবিষ্যতে শুল্ক আরও বাড়ানো হতে পারে।
নিজ বক্তব্যে ট্রাম্প শুল্কনীতির পক্ষে সাফাই গেয়ে বলেন, এসব শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে লাভবান হচ্ছে।
এ সময় তিনি প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে দীর্ঘ সময় লাগার বিষয়টিও তুলে ধরেন। ট্রাম্প বলেন, এফ-৩৫ যুদ্ধবিমান কিংবা অ্যাপাচি হেলিকপ্টার পেতে অনেক দেরি হচ্ছে এবং উৎপাদন প্রক্রিয়া দ্রুত করার জন্য প্রতিরক্ষা ঠিকাদারদের প্রতি আহ্বান জানান।
সূত্র: এনডিটিভি