ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ? জাজিরায় নিহত ১, আহত ৩
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল তৈরির সময় অথবা ঘরে সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পাশের সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়ি এলাকায় বিকট শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে। বিস্ফোরণের ফলে সাগর বেপারীর টিনের ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।