মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী অভিযানে নারী নিহত, বিক্ষোভ শুরু
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী অভিযানের সময় ৩৭ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যা করেছেন আইসিই (Immigration and Customs Enforcement) কর্মকর্তারা, জানিয়েছে রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লালচে রঙের একটি গাড়ি সড়কে থামা অবস্থায় যান চলাচল বন্ধ করে রাখে। আইসিই এজেন্টরা গাড়িটি ঘিরে ধরলে তা সামান্য পেছনে গিয়ে আবার এগোতে শুরু করে। এ সময় এজেন্টরা তিনটি গুলি চালান।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন দাবি করেছেন, নিহত নারী এজেন্টদের লক্ষ্য করে আক্রমণ করার চেষ্টা করলে আইসিই কর্মকর্তারা আত্মরক্ষার জন্য গুলি চালান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিহত নারীর প্রতি সমালোচনামূলক মন্তব্য করে তাকে “পেশাদার উসকানিদাতা” হিসেবে বর্ণনা করেছেন।
তবে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তিনি ঘটনাস্থলের ভিডিও দেখেছেন, যা আত্মরক্ষার দাবি সমর্থন করে না। ঘটনার পর এলাকার আশপাশে বিক্ষোভ শুরু হয়েছে।