সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাসব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

favicon
ভোরের আলো ডেস্ক:
সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি সার্কুলার মঙ্গলবার (৬ জানুয়ারি) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।


বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে সার্কুলারটি প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর নির্দেশনাটি পাঠানো হয়েছে।


সার্কুলারে বলা হয়, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং বিভিন্ন শাখা ও উপশাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকিং সেবা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুম থাকা অত্যন্ত জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্যসম্মত ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তা ও গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।


বাংলাদেশ ব্যাংক মনে করে, এ ধরনের সংকট কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি বড় বাধা।


পরিচালক (বিআরপিডি) মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখায় নারী কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতা নারীদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রী নিশ্চিত করতে হবে।