সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশপ্রথমবার টাঙ্গাইলে আসছেন তারেক রহমান, জেলায় ঈদের আমেজ: সুলতান সালাউদ্দিন টুকু

প্রথমবার টাঙ্গাইলে আসছেন তারেক রহমান, জেলায় ঈদের আমেজ: সুলতান সালাউদ্দিন টুকু

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রথমবার টাঙ্গাইলে আসছেন তারেক রহমান, জেলায় ঈদের আমেজ: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে ঘিরে পুরো জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে আসন্ন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন টুকু।


তিনি জানান, আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে তারেক রহমান মজলুম জননেতা মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন এবং সেখানে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। তারেক রহমানের রাজনৈতিক সফরের সূচনা টাঙ্গাইল থেকে এবং ভাসানীর কবর জিয়ারতের মাধ্যমে হওয়ায় এটিকে সৌভাগ্যের বিষয় হিসেবে দেখছেন বিএনপি নেতাকর্মীরা।


টুকু বলেন, কাগমারী সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানী স্বাধীনতা আন্দোলনের বীজ রোপণ করেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উভয়েই এই মাজার জিয়ারত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমানও ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইলে আসছেন।


তিনি আরও বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মহাসড়কের টাঙ্গাইল অংশের মির্জাপুর এলাকা থেকেই তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে টাঙ্গাইলবাসী তাঁকে অভ্যর্থনা জানাবেন।


এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।