টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মায়ানমার থেকে ছুটে আসা গুলিতে আফনান (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আফনান হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দীনের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, মায়ানমার দিক থেকে ছোড়া গুলিতে শিশুটি নিহত হয়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার–টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত কয়েক দিন ধরে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, যার প্রভাবে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।