ত্রয়োদশ নির্বাচনে বিজয়ের দাবি নুরের: ‘১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের বিজয় নিশ্চিত বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি কেবল আনুষ্ঠানিকতা।”
রবিবার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হযরত গেদু শাহ্ চিশস্তি (রহ.)-এর ৪৯তম ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, তিনি মানুষের পাশে থেকে তাদের নিয়েই কাজ করতে চান। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামী দলের অংশগ্রহণকে তিনি সামাজিক ও নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলাকে রাজনৈতিক সম্প্রীতির রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ বাংলাদেশের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুর বলেন, প্রত্যেক নাগরিকের মতপ্রকাশ ও ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, আর জোরপূর্বক বাধা, হামলা বা বিশৃঙ্খলার রাজনীতিতে তারা বিশ্বাস করেন না।
চাঁদাবাজি ও জনভোগান্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে কেউ ব্যবসা করতে এক টাকাও চাঁদা দিতে বাধ্য হবে না। দলের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ওরশ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।