ইরান ছেড়ে চলার জন্য আমেরিকান নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের
ইরানের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় এবং সহিংসতা বৃদ্ধি পাওয়ায় দেশটির আমেরিকান নাগরিকদের ‘এখনই ইরান ছাড়তে’ সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল এম্বাসি তেহরান সোমবার একটি নিরাপত্তা সতর্কতা জারি করে জানিয়েছে, ইরানের সার্বিক পরিস্থিতি কঠোরভাবে খারাপ হচ্ছে। দেশজুড়ে বিক্ষোভ, ব্যাপক গ্রেপ্তার ও আহত হওয়ার ঘটনায় নাগরিকদের তৎক্ষণাৎ দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, রোড ব্লক, গণপরিবহন ব্যাঘাত, ইন্টারনেট বিচ্ছিন্নতা এবং অন্যান্য সমস্যা দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করছে। আমেরিকার নাগরিকদের আর্মেনিয়া বা তুরস্কের দিকে স্থলপথে নিরাপদ রুট পরিকল্পনা করে তৎক্ষণাৎ দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা দেশ ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান করা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি ও ওষুধ প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। এছাড়া ইরানের সীমান্ত এলাকা ও আন্তর্জাতিক পরিবহন পরিষেবা যেমন বিমান যোগাযোগও ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকায় দ্রুত এবং নিরাপদভাবে দেশ ত্যাগের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।