অস্কারজয়ী উইল স্মিথ বলিউডে অভিষেকের আগ্রহ প্রকাশ, শাহরুখ-সালমানের সঙ্গে যোগাযোগ
নতুন বছরের শুরুতেই যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে বিতর্কের মুখে পড়েন অস্কারজয়ী হলিউড অভিনেতা ও র্যাপার উইল স্মিথ। পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগ ওঠার পর ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। তবে এই বিতর্কের মাঝেও এবার নতুন চমক— বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন উইল স্মিথ।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে “পোল টু পোল উইথ উইল স্মিথ” প্রিমিয়ারে অংশ নিয়ে তিনি জানান, বলিউডে অভিষেকের জন্য অগ্রাধিকার তার। বিশেষ করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সালমান খানের মতো তারকাদের সঙ্গে কাজ করতে চান তিনি।
উইল স্মিথ বলেন, “বর্তমানে বহু ভারতীয় শিল্পী হলিউডে কাজ করছেন, কিন্তু পশ্চিমি বিনোদন জগতের শিল্পীরা এখনও বলিউডে সহজে জায়গা করে নিতে পারছেন না। তাই আমি চাই, বড় প্রজেক্টে তাঁদের সঙ্গে কাজ করি।” তিনি উল্লেখ করেন, সালমান খানের সঙ্গে আলোচনাও হয়েছে এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ‘বিগ ডব্লিউ’ উপাধি ভাগ করার পরিকল্পনা হয়েছিল, যদিও তা বাস্তবায়িত হয়নি।
এছাড়াও শাহরুখ খানের সঙ্গে প্রজেক্টের জন্য যোগাযোগও করেছেন স্মিথ। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তিনি শাহরুখকে কুশল বিনিময় করে জিজ্ঞেস করেন— “কী খবর?”
উল্লেখ্য, এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুরের মতো বলিউড তারকারা হলিউডে কাজ করেছেন। এবার বলিউডে কাজের আগ্রহ প্রকাশ করে নতুনভাবে আলোচনায় এলেন উইল স্মিথ।