শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বপশ্চিমবঙ্গে দুই স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

পশ্চিমবঙ্গে দুই স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিমবঙ্গে দুই স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে দুই স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তারা বর্তমানে উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।


দেশটির স্বাস্থ্য দফতর জানায়, আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মী বারাসতের ওই হাসপাতালে কর্মরত ছিলেন। তাদের চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে চলছে। সংক্রমণের বিস্তার রোধে তারা কোন কোন রোগী বা সহকর্মীর সংস্পর্শে এসেছিলেন, তা শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এই ভাইরাসের প্রধান বাহক হলো ‘ফ্লাইং ফক্স’ নামে পরিচিত এক ধরনের ফলখেকো বাদুড়। আক্রান্ত প্রাণীর দেহের অবশিষ্টাংশ কিংবা মলমূত্রের সংস্পর্শে এলে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে, নিপাহ ভাইরাস করোনাভাইরাসের তুলনায় আরও ভয়ংকর।


ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, যেখানে করোনায় মৃত্যুহার ছিল ২ থেকে ৩ শতাংশ, সেখানে নিপাহ ভাইরাসে মৃত্যুহার বর্তমানে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে। এ ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।


এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সম্ভাব্য সংক্রমণ রোধে হাসপাতাল ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।