শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বমার্কিন সেনা প্রত্যাহার: আইন আল-আসাদ বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণে ইরাকি বাহিনী

মার্কিন সেনা প্রত্যাহার: আইন আল-আসাদ বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণে ইরাকি বাহিনী

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্কিন সেনা প্রত্যাহার: আইন আল-আসাদ বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণে ইরাকি বাহিনী

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ আইন আল-আসাদ বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ইরাকি সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।


দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত এই বিমানঘাঁটির নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব এখন পুরোপুরি ইরাকি বাহিনীর হাতে ন্যস্ত হয়েছে।


ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন সেনা প্রত্যাহারের পর ঘাঁটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছে ইরাকি সেনাবাহিনী। তবে সীমিত লজিস্টিক প্রয়োজনের কারণে অল্পসংখ্যক মার্কিন সেনা সেখানে সাময়িকভাবে অবস্থান করছেন। তারা কোনো ধরনের সামরিক কার্যক্রমে জড়িত নন বলে জানান এক ইরাকি সামরিক কর্মকর্তা।


২০২৪ সালে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রত্যাহার এবং ২০২৬ সালের শেষ নাগাদ পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, আইন আল-আসাদ বিমানঘাঁটি অতীতে একাধিকবার ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর আঞ্চলিক উত্তেজনার সময় এই ঘাঁটির ওপর ব্যাপক হামলা চালানো হয়।


বিশ্লেষকদের মতে, এই প্রত্যাহার ইরাকের নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করলেও, মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ এখনো পুরোপুরি দূর হয়নি।