প্রবল বৃষ্টিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্যা, উঁচু স্থানে সরে যাওয়ার সতর্কতা
প্রবল বৃষ্টিপাতের কারণে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তার জন্য উঁচু স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। এখন পর্যন্ত অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে রাজধানী সিডনির নারাবিন এলাকার নিচু শহরতলিতে আকস্মিকভাবে ভয়াবহ বন্যা দেখা দিলে সেখানকার বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পর রাজ্যজুড়ে এক হাজার ৪০০টির বেশি জরুরি ঘটনায় সাড়া দিতে হয়েছে উদ্ধারকর্মীদের। এসব ঘটনার বেশিরভাগই বন্যার পানিতে গাড়ি চালানোর সঙ্গে সংশ্লিষ্ট।
রাজ্য জরুরি পরিষেবার সহকারী কমিশনার সোনিয়া অয়স্টন এক বিবৃতিতে বলেন, আকস্মিক বন্যার কারণে বহু সড়ক বন্ধ হয়ে গেছে এবং কিছু সড়ক আরও কিছু সময় বন্ধ থাকতে পারে। একই সঙ্গে রোববার (১৮ জানুয়ারি) সিডনির দক্ষিণাঞ্চলে বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, রোববার স্থানীয় সময় সকালে সিডনির উত্তর প্রান্তে প্রায় ৭২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, শনিবার সিডনি থেকে প্রায় ৬৬ কিলোমিটার দক্ষিণে ওলংগংয়ের কাছে বৈরী আবহাওয়ার সময় একটি গাছের ডাল ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স