শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বগাজা বোর্ড অব পিসে যোগ দিতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ

গাজা বোর্ড অব পিসে যোগ দিতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজা বোর্ড অব পিসে যোগ দিতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ

গাজার পুনর্গঠন, অন্তর্বর্তী শাসনব্যবস্থা পরিচালনা এবং হামাসের নিরস্ত্রীকরণ তদারকির দায়িত্বে গঠিত মার্কিন নেতৃত্বাধীন নবঘোষিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে।


গণমাধ্যমের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এই বোর্ডে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তার ভাষায়, এর মাধ্যমে গাজায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তানের ধারাবাহিক সম্পৃক্ততার স্বীকৃতি দেওয়া হয়েছে।


তাহির আন্দ্রাবি বলেন, জাতিসংঘের প্রস্তাবনার ভিত্তিতে ফিলিস্তিন সংকটের একটি স্থায়ী ও ন্যায্য সমাধান নিশ্চিত করতে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে পাকিস্তান সক্রিয়ভাবে যুক্ত থাকবে।


এই আমন্ত্রণ এমন এক সময়ে এলো, যখন হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে ‘গাজা বোর্ড অব পিস’-এর কাঠামো ও সদস্যপদ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই বোর্ডকে যুদ্ধ-পরবর্তী গাজার রূপান্তর ও প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য একটি বৈশ্বিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন।


পশ্চিমা কূটনীতিকরা দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, এই উদ্যোগটি মূলত গাজাকে কেন্দ্র করে গড়ে তোলা এক ধরনের ‘ক্ষুদ্র জাতিসংঘ’, যা ভবিষ্যতে অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও প্রয়োগ করা হতে পারে।