শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বস্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

favicon
ভোরের আলো ডেস্ক:
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় একশ’ যাত্রী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহতদের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রোববার সন্ধ্যায় স্থানীয় সময় পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে রাজধানী মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি দ্রুতগতির ট্রেন যাত্রা শুরুর মাত্র ১০ মিনিট পর দক্ষিণাঞ্চলীয় শহর আদামুজের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটির কয়েকটি বগি পাশের আরেকটি রেললাইনে গিয়ে পড়ে।

ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত বগিগুলোর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয় এবং এর বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করছে।”

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্ঘটনার কারণকে ‘অত্যন্ত অদ্ভুত’ বলে উল্লেখ করলেও সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো ঘটনাটিকে ‘একটি ভয়াবহ দুস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

প্রথম ট্রেনটিতে আনুমানিক ৩০০ জন এবং দ্বিতীয় ট্রেনটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।