শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বইতিহাসের সর্বনিম্ন জন্মহার চীনে, টানা চতুর্থ বছর জনসংখ্যা কমল

ইতিহাসের সর্বনিম্ন জন্মহার চীনে, টানা চতুর্থ বছর জনসংখ্যা কমল

favicon
ভোরের আলো ডেস্ক:
ইতিহাসের সর্বনিম্ন জন্মহার চীনে, টানা চতুর্থ বছর জনসংখ্যা কমল

২০২৫ সালে চীনের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে টানা চতুর্থ বছরের মতো দেশটির মোট জনসংখ্যা কমেছে, যা আগামী কয়েক দশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার প্রকাশিত তথ্যে জানায়, ২০২৫ সালে দেশটিতে প্রতি এক হাজার জনে জন্মহার ছিল মাত্র ৫.৬৩। এটি ২০২৩ সালের ৬.৩৯ জন্মহারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এতে স্পষ্ট হয়েছে, ২০২৪ সালে জন্মহারে যে সামান্য বৃদ্ধি দেখা গিয়েছিল, তা ছিল ব্যতিক্রম; ২০১৬ সালের পর থেকে চলমান নিম্নমুখী প্রবণতা থামেনি।


পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২৫ সালে চীনে জন্ম নিয়েছে ৭.৯২ মিলিয়ন শিশু, বিপরীতে মারা গেছে ১১.৩১ মিলিয়ন মানুষ। এর ফলে এক বছরে মোট জনসংখ্যা কমেছে ৩.৩৯ মিলিয়ন। বর্তমানে চীনের জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪০ কোটিতে, যা এখনো ভারতের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম।


অন্যদিকে, জনসংখ্যা সংকোচনের মধ্যেও ২০২৫ সালে চীনের অর্থনীতি ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই প্রবৃদ্ধি সরকার নির্ধারিত প্রায় ৫ শতাংশ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল রপ্তানির জোরালো উল্লম্ফন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা এবং দেশের অভ্যন্তরীণ দুর্বল ভোগব্যয়ের প্রভাব সত্ত্বেও চীন গত বছর রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন-অফ বাণিজ্য যুদ্ধ চললেও রপ্তানি খাত অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা থেকে রক্ষা করেছে।


তবে পরিসংখ্যান অনুযায়ী, বছরের শেষ দিকে অর্থনীতিতে মন্থরতার ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধি নেমে আসে ৪.৫ শতাংশে, যা ২০২২ সালের শেষের পর সর্বনিম্ন ত্রৈমাসিক প্রবৃদ্ধি।


সংবাদ সম্মেলনে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান কাং ই বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও চীনের অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিশীলতা দেখিয়েছে। তার ভাষায়, “২০২৫ সালে চীনের অর্থনীতি চাপ সহ্য করে স্থিতিশীল অগ্রগতি বজায় রেখেছে এবং উচ্চমানের উন্নয়নে নতুন সাফল্য অর্জন করেছে।”