কাবুলের কেন্দ্রীয় এলাকায় হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলের একটি হোটেলে সোমবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আফগান সরকার ও নগর পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে দমকলকর্মীদের তৎপরতা প্রত্যক্ষ করেছেন একজন এএফপি সাংবাদিক।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, শহরের চতুর্থ জেলা শাহর-ই-নও এলাকার গুলফারোশি স্ট্রিটে অবস্থিত একটি হোটেলে এই বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে তিনি নিশ্চিত করলেও বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এএফপিকে বলেন, বিস্ফোরণে নিহত ও আহত—উভয়েরই খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, শাহর-ই-নও এলাকা বিদেশি নাগরিকদের আবাসস্থল হিসেবে পরিচিত এবং কাবুলের তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর একটি বলে বিবেচিত। বিস্ফোরণের ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এএফপি, রয়টার্স