শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নিজ ক্ষমতাকে মনে করে: গুতেরেস

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নিজ ক্ষমতাকে মনে করে: গুতেরেস

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নিজ ক্ষমতাকে মনে করে: গুতেরেস

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে নিজের ক্ষমতা ও প্রভাবকেই বেশি গুরুত্ব দেয়। তাঁর মতে, ওয়াশিংটনের একটি স্পষ্ট ধারণা রয়েছে—বহুপাক্ষিক বা যৌথ আন্তর্জাতিক সমাধানগুলো কার্যত অপ্রাসঙ্গিক।


বিবিসি রেডিওর এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র মনে করে তার রাজনৈতিক ও সামরিক ক্ষমতা আন্তর্জাতিক আইনের সীমারেখার ঊর্ধ্বে অবস্থান করে। তিনি সতর্ক করে বলেন, এই মানসিকতা বিশ্বব্যবস্থার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।


এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্টকে আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকিও দিয়ে যাচ্ছেন।


জাতিসংঘ মহাসচিব বলেন, সংস্থাটির প্রতিষ্ঠাকালীন নীতিমালা—বিশেষ করে সদস্য রাষ্ট্রগুলোর সমতা ও আন্তর্জাতিক আইনের শাসন—বর্তমানে গুরুতর হুমকির মুখে রয়েছে। তিনি স্বীকার করেন, বিশ্ব রাজনীতিতে ক্রমেই এমন একটি প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে ‘আইনের শক্তি’ নয়, বরং ‘শক্তির আইন’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।


গুতেরেসের মতে, এই ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক শৃঙ্খলা ও শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।