দায়িত্ব ও কাজ থেকে বিরতির ইঙ্গিত নেহা কক্করের
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্করকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে তার ভক্তদের মধ্যে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একের পর এক রহস্যময় স্টোরি শেয়ার করে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। পোস্টগুলোতে ইঙ্গিত পাওয়া যায়, ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে আপাতত নিজেকে গুটিয়ে নিতে চান এই গায়িকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা লেখেন, তিনি দায়িত্ব, সম্পর্ক ও কাজ—সবকিছু থেকেই বিরতি নিতে চান। এমনকি ভবিষ্যতে আদৌ তিনি আবার ফিরবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই স্টোরিগুলো মুছে ফেলেন নেহা, যা ভক্তদের বিভ্রান্তি ও উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।
প্রথম স্টোরিতে তিনি লেখেন,
“দায়িত্ব, সম্পর্ক, কাজ—এই মুহূর্তে যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না। ধন্যবাদ।”
এরপর আরেকটি স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে আবেগঘন অনুরোধ জানান নেহা কক্কর। সেখানে তিনি লেখেন,
“আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয়, প্লিজ। শান্তির জন্য এটুকুই চাই।”
কেন হঠাৎ এমন আবেগঘন পোস্ট করলেন নেহা—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি তিনি। তবে অনেকের ধারণা, সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন গান ‘ক্যান্ডি শপ’ ঘিরে তীব্র অনলাইন সমালোচনা ও ট্রোলিং থেকেই এই মানসিক চাপ তৈরি হতে পারে।
গত ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ক্যান্ডি শপ’ গানে নেহার সঙ্গে ছিলেন তার ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই গানটিকে ‘ক্রিঞ্জ’, ‘অশ্লীল’ এবং কে-পপ স্টাইল নকল করার ব্যর্থ চেষ্টা বলে আখ্যা দেন।
এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন নেহা। ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে দেরিতে পৌঁছে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন তিনি। দর্শকদের দুয়োধ্বনির মুখে পরিস্থিতি সামলাতে না পেরে পরে আয়োজকদের দায়ী করেন এই গায়িকা।
নেহা কক্করের সাম্প্রতিক এই পোস্ট ঘিরে এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন—এটি কি সাময়িক বিরতির ইঙ্গিত, নাকি সংগীতজগতকে বিদায় জানানোর পূর্বাভাস?