ট্রাম্পের শুল্ক হুমকিতে স্বর্ণ–রুপার রেকর্ড দাম, ইউরোপের শেয়ারবাজারে ধস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কয়েকটি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে অনিশ্চয়তা বেড়েছে। এর প্রভাবে স্বর্ণ ও রুপার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, একই সঙ্গে সোমবার (১৯ জানুয়ারি) ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। খবর বিবিসির।
সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ৪ হাজার ৬৯০ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়। একই সময়ে রুপার দামও ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠে প্রতি আউন্স ৯৪ দশমিক ১২ ডলার ছুঁয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ায় এসব ধাতুর দাম দ্রুত বেড়েছে।
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই ঘোষণার পরপরই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে নিরাপদ খাতে বিনিয়োগ বাড়াতে শুরু করেন।
এর ফলে লন্ডন স্টক এক্সচেঞ্জসহ ইউরোপের বিভিন্ন শেয়ারবাজারে সূচক উল্লেখযোগ্যভাবে কমে যায়। জার্মানি ও ফ্রান্সের বাজারেও বড় পতন হয়। বিশেষ করে গাড়ি, প্রযুক্তি ও বিলাসপণ্যের খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অস্ত্র ও প্রতিরক্ষা খাতের কিছু কোম্পানির শেয়ারে উল্টো ঊর্ধ্বগতি দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য উত্তেজনা নতুন করে বাড়ায় বৈশ্বিক অর্থনীতিতে ঝুঁকি তৈরি হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)ও সতর্ক করে জানিয়েছে, বাণিজ্য দ্বন্দ্ব বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে।
/এসআইএন