কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, চীনা নাগরিকসহ নিহত ৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার (২০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন। কাবুলের শাহর-ই-নও এলাকার একটি চীনা রেস্টুরেন্টে এ বিস্ফোরণ ঘটে। এলাকাটি রাজধানীর অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে বিদেশি কূটনীতিক, পর্যটক ও প্রবাসীদের বসবাস রয়েছে। সেখানে বিভিন্ন অফিস ভবন, শপিং কমপ্লেক্স ও দূতাবাসও অবস্থিত।
তবে বিস্ফোরণের ধরন ও কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃতি নির্ণয়ে তদন্ত শুরু করেছে আফগান প্রশাসন।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি বলেন, “প্রাথমিক তথ্যে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
এর আগে গত বছর কাবুলে ড্রোন হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।