থাইল্যান্ডে চিকিৎসার অনুমতি পেলেন না আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার অনুমতি দেননি আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তার আবেদন নামঞ্জুর করেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে মোয়াজ্জেম হোসেন দাবি করেন, তাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো ধরনের আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ আইনগতভাবে মোকাবিলা করবেন। এ কারণে তার জাতীয় পরিচয়পত্রে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আবেদন করা হয়।
আবেদনে আরও বলা হয়, পড়ে গিয়ে তিনি স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত পান এবং সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে মেডিক্যাল ভিসার ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তার চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে।
শুনানিতে তার আইনজীবী মো. রায়হান আদালতকে জানান, গুরুতর শারীরিক অবস্থার কারণে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়া জরুরি। তবে শুনানি শেষে আদালত তার আবেদন গ্রহণ করেননি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ মে একই আদালত দুর্নীতির অভিযোগে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।