শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বপ্রতিবন্ধকতার মধ্যেও গাজায় মানবিক সহায়তা অব্যাহত, ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

প্রতিবন্ধকতার মধ্যেও গাজায় মানবিক সহায়তা অব্যাহত, ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রতিবন্ধকতার মধ্যেও গাজায় মানবিক সহায়তা অব্যাহত, ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও গাজা উপত্যকায় মানবিক কার্যক্রম প্রতিদিনই চালু রয়েছে। সাম্প্রতিক ঝড়ে গাজায় প্রায় ৪ হাজার পরিবারের আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর বরাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতিসংঘের মুখপাত্র ফারহান হক।


তিনি বলেন, ‘মানবিক কার্যক্রমের গতি ও পরিসর প্রতিদিনের নানা বাধায় ব্যাহত হলেও জাতিসংঘ ও তার অংশীদাররা প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।’ তাঁর ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহের ঝড়ে গাজা উপত্যকার অন্তত ৮০টি বাস্তুচ্যুতি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ৪ হাজার পরিবারের আশ্রয়কেন্দ্র আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।


ফারহান হক জানান, ক্ষতিগ্রস্ত পরিস্থিতিতে এখন পর্যন্ত ৬৬০টির বেশি পরিবারকে জরুরি খাদ্যসামগ্রী, তাঁবু ও ত্রিপল সরবরাহ করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, টেকসই আশ্রয় ব্যবস্থার জরুরি প্রয়োজন রয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ধ্বংসস্তূপ অপসারণ করে নতুন জায়গা তৈরি এবং পানি ও স্যানিটেশন ব্যবস্থার পুনরুদ্ধার অন্তর্ভুক্ত।


তিনি আরও জানান, ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বানি সুহেইলা ও পূর্ব খান ইউনিস এলাকায় লিফলেট ছড়িয়ে বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ওসিএইচএ’র হিসাব অনুযায়ী, ওইসব এলাকায় এখনও ৪০০টির বেশি পরিবার অবস্থান করছে।


এ সময় ওসিএইচএ পুনরায় জোর দিয়ে বলেছে, বেসামরিক নাগরিকদের সবসময় সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং পরিস্থিতি অনুকূলে এলে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে।