ব্যাংক খাত থেকে ৩ লাখ কোটি টাকা পাচারের কারণ ব্যাখ্যা করলেন গভর্নর
গভর্নেন্সের ব্যর্থতা ও কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্সের অভাবে ব্যাংক খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যক্তি ও সরকারি নির্দেশে অবৈধভাবে ঋণ বিতরণের ফলে ব্যাংকিং খাতের গভর্নেন্স কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক লোক বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
গভর্নর বলেন, দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় সংকট হলো গভর্নেন্স ফেইলর। সরকার এবং প্রভাবশালী ব্যক্তি বা পরিবারের নির্দেশে ঋণ দেওয়া হয়েছে, যার পেছনে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অবহেলা রয়েছে—এ সত্য অস্বীকার করার সুযোগ নেই। তিনি বলেন, ব্যাংকগুলোর মালিকানা যখন ব্যক্তি পর্যায়ে কেন্দ্রীভূত থাকে, তখন স্বচ্ছতা ও জবাবদিহি নষ্ট হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করা হলেও সেগুলোর নিয়ন্ত্রণ ছিল ব্যক্তিগত হাতে। এর ফলে কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স না থাকায় বিপুল অর্থ দেশ থেকে বেরিয়ে গেছে।
তিনি আরও বলেন, বৈশ্বিকভাবে চারটি প্রধান আর্থিক খাতের মধ্যে ব্যাংকিং খাত তৃতীয় অবস্থানে থাকলেও বাংলাদেশে এটি প্রথম স্থানে রয়েছে। এর ফলে অন্যান্য আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন গভর্নর। একই সঙ্গে ব্যাংকিং খাতের পাশাপাশি অন্যান্য আর্থিক খাতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।