দাভোসে ‘পিস বোর্ড’ নিয়ে ট্রাম্পকে খোঁচা ইলন মাস্কের
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। নিজের স্বভাবসুলভ রসিকতায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ডকে নিয়ে কটাক্ষ করেন।
একটি প্যানেল আলোচনায় মাস্ক বলেন, বোর্ডটির নাম ‘পিস (শান্তি) বোর্ড’ না হয়ে ‘পিস (টুকরো) বোর্ড’ হওয়াই বেশি মানানসই ছিল। তার ভাষায়, “শান্তি বোর্ডের কথা শুনে আমার মনে হয়েছিল—এটা কি শান্তির জন্য, নাকি গ্রিনল্যান্ড বা ভেনেজুয়েলার মতো কোনো ভূখণ্ডের এক টুকরো অংশ নিয়ে কাজ করার বোর্ড?”
মাস্কের এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরে তিনি যোগ করেন, “আসলে আমরা সবাই শান্তিই চাই।”
ট্রাম্প প্রশাসনের উদ্যোগে গঠিত এই বোর্ডটি শুরুতে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা পর্যবেক্ষণের জন্য একটি সীমিত উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও পরে এর পরিধি বাড়ানো হয়। বর্তমানে এতে একাধিক দেশ যুক্ত রয়েছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।
গত এক বছরে ট্রাম্প ও মাস্কের সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে বোঝাপড়ার আভাস মিলেছে। সেই প্রেক্ষাপটে মাস্কের এই মন্তব্য রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
একই আলোচনায় মাস্ক ভবিষ্যৎ প্রযুক্তি নিয়েও কথা বলেন। তিনি জানান, ভবিষ্যতে মানুষের তুলনায় রোবটের সংখ্যা বেশি হতে পারে এবং তারা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া তিনি বলেন, আগামী বছরের শেষ নাগাদ টেসলা সাধারণ মানুষের জন্য রোবট বাজারে আনতে পারে।
উল্লেখ্য, একসময় দাভোস সম্মেলনকে ‘অনির্বাচিত বিশ্ব সরকার’ বলে সমালোচনা করা ইলন মাস্কের এবারের উপস্থিতি অনেকের কাছেই বিস্ময়কর বলে মনে করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি