জুলাই বিপ্লব ব্যর্থ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে: মামুনুল হক
ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করার লক্ষ্যে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে নস্যাৎ করতে পরাজিত সব শক্তি এখন একত্রিত হচ্ছে। প্রকাশ্যে যারা জুলাই বিপ্লব ও গণভোটের বিরোধিতা করার সাহস পায় না, তারাই আড়ালে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, প্রকাশ্যে মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে আহ্বান জানানো হলেও গোপনে ‘না’ ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন চালানো হচ্ছে। জাতীয় রাজনীতিতে এ ধরনের দ্বিমুখী আচরণ বা মোনাফেকি তিনি দেখতে চান না বলেও উল্লেখ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান মামুনুল হক। একই সঙ্গে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-১ আসনের প্রার্থী ও তার ছোট ভাই মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসেন ফরিদ, নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।