শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বমিনিয়াপলিসে আইসিইর অভিযানে আটক ২ বছরের শিশু, সমালোচনার মুখে সংস্থাটি

মিনিয়াপলিসে আইসিইর অভিযানে আটক ২ বছরের শিশু, সমালোচনার মুখে সংস্থাটি

favicon
ভোরের আলো ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের হাতে আটক হওয়া দুই বছরের এক শিশুকন্যাকে শুক্রবার বিকেলে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে শিশুটির বাবা এখনো আইসিই হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের আইনজীবী। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি।

পরিবারের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে এলভিস টিপান-এচেভেরিয়া ও তার দুই বছরের মেয়েকে দোকান থেকে ফেরার পথে আটক করেন আইসিই সদস্যরা। আইনজীবীদের অভিযোগ, অভিযানের সময় এজেন্টদের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।

তারা আরও জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সেদিন বাবাসহ শিশুটিকে টেক্সাসে পাঠানো হয়। পরে শুক্রবার বিকেলে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলেও বাবা এলভিস টিপান-এচেভেরিয়া এখনো আইসিই হেফাজতে রয়েছেন।

পরিবারের আইনজীবী কিরা কেলি শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিএনএনকে জানান, বাবা ও মেয়ে দুজনই ইকুয়েডরের নাগরিক। আদালতের নথি অনুযায়ী, শিশুটি নবজাতক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসে এবং তখন থেকেই মিনিয়াপলিসে বসবাস করছে। তার একটি আশ্রয় আবেদন বর্তমানে বিচারাধীন রয়েছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মিনিয়াপলিসে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান ঘিরে অসন্তোষ বাড়ছে। চলতি সপ্তাহেই শহরটির একটি বাড়ির ড্রাইভওয়ে থেকে পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কোনেহো রামোসকে ফেডারেল এজেন্টরা আটক করে বাবার সঙ্গে টেক্সাসের একটি পারিবারিক আটক কেন্দ্রে পাঠান। তারা দুজনই এখনো সেখানে আটক রয়েছেন।