শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বপ্রচণ্ড শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

প্রচণ্ড শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রচণ্ড শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে শনিবার (২৪ জানুয়ারি) থেকে সোমবার (২৬ জানুয়ারি) পর্যন্ত ১৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের প্রভাবে দেশটির পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ এলাকায় তীব্র শীত ও বিপজ্জনক আবহাওয়া বিরাজ করছে।

পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি অবস্থার আওতাভুক্ত রাজ্যগুলো হলো— টেনেসি, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুইসিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়া। এসব রাজ্যের প্রশাসন জরুরি ব্যবস্থাপনা দলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

সিএনএন-এর ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের প্রায় ৪৩ শতাংশ এবং ডেল্টা এয়ার লাইন্সের ৩৫ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার একদিনেই ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়, বিশেষ করে ডালাস ও শার্লটগামী ফ্লাইটগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। সোমবারও নিউ ইয়র্ক ও বোস্টনকে কেন্দ্র করে ইতিমধ্যে ১ হাজার ৬০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ঝড়টি সপ্তাহের শেষে পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়বে। উত্তর-পূর্ব ও মধ্য সমভূমি অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ উপকূলীয় এলাকায় রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

ঝড়ের ফলে ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমশীতল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নয়েম জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সূত্র: সিএনএন