লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের নতুন হামলা, নিহত ২
লেবাননে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কা থেকে আত্মরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে এসব আঘাত হানা হয়েছে। খবর দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
রোববার (২৫ জানুয়ারি) চালানো হামলার একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহ যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ইসরায়েলের দাবি অনুযায়ী, অভিযানে হিজবুল্লাহর হেড অব আর্টিলারি মুহাম্মদ আল হুসেনিসহ দুজন নিহত হয়েছেন। বীর আল সানসাল ও বেক্কা ভ্যালি সংলগ্ন এলাকায় এসব হামলা চালানো হয়।
আইডিএফ আরও জানিয়েছে, অভিযানে হিজবুল্লাহর একাধিক আস্তানা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অস্ত্রাগার, অস্ত্র উৎপাদন কারখানা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে।