যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বেসরকারি জেট বিধ্বস্ত, ৮ আরোহী বহন করছিল বিমান
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর শহর থেকে উড্ডয়নের সময় রবিবার সন্ধ্যায় আটজন আরোহী বহনকারী একটি বেসরকারি জেট বিমান বিধ্বস্ত হয়েছে। ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনায় আরোহীদের আঘাতের ধরন ও মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে সিএনএন। ব্যাঙ্গর সিটি কর্তৃপক্ষ ও ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর এক যৌথ বিবৃতিতে জানায়, জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং আরও কয়েক ঘণ্টা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চলবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে জরুরি দলগুলো ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনার কারণ তদন্তে ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে কাজ করবে। দুর্ঘটনার পর ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ফেডারেল নথি অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বোম্বারডিয়ার চ্যালেঞ্জার ৬৫০ মডেলের একটি ব্যবসায়িক জেট, যা হিউস্টনভিত্তিক একটি লিমিটেড লায়াবিলিটি করপোরেশনের নামে নিবন্ধিত।
দুর্ঘটনার সময় উত্তর-পূর্বাঞ্চলে তীব্র তুষারঝড় চলছিল। মেইনে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় এবং হালকা তুষারপাতের কারণে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম।
লাইভএটিসি.নেটের অডিও থেকে জানা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে ব্যাঙ্গর বিমানবন্দরের কন্ট্রোলার ও পাইলটদের মধ্যে কম দৃশ্যমানতা ও ডি-আইসিং সংক্রান্ত আলোচনা হয়েছিল। পরে একজন কন্ট্রোলার রানওয়ে ৩৩ থেকে উড্ডয়নের অনুমতি দেন। প্রায় দুই মিনিট পর আরেক কন্ট্রোলার রেডিওতে বলেন, ‘সব ট্রাফিক বন্ধ।’
পরবর্তীতে কন্ট্রোলারদের কথোপকথনে জানা যায়, বিমানে তিনজন ক্রু ও সম্ভাব্য পাঁচজন যাত্রী ছিলেন।
সূত্র: সিএনএন