তীব্র শীত ও শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তুষারঝড়ের প্রভাবে দেশটির প্রায় ১২ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউইয়র্কে, যেখানে মারা গেছে অন্তত ৮ জন। এছাড়া টেনেসি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, কানসাস ও পেনসিলভানিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যেও মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঝড়ের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অনেক এলাকায় ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দুর্যোগকবলিত রাজ্যগুলোর বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সাময়িকভাবে বন্ধ রয়েছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শুরু হওয়া শীতকালীন ঝড় ধীরে ধীরে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। মার্কিন আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, আগামী শনি বা রোববার আরও একটি শক্তিশালী তুষারঝড় আঘাত হানতে পারে, যার ফলে প্রায় ১৯ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আরও কয়েকটি অঙ্গরাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সংস্থাটি বলছে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় হিমশীতল তাপমাত্রা বিরাজ করবে এবং বহু স্থানে রেকর্ড পরিমাণ নিম্ন তাপমাত্রা দেখা যেতে পারে।