গাজা থেকে শেষ ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত, সন্তোষ প্রকাশ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার অবরুদ্ধ উপত্যকা থেকে শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। মুক্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। খবর জানিয়েছে আনাদোলু।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “এইমাত্র গাজা থেকে শেষ বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে জীবিত ২০ জন বন্দি এবং নিহত সবাইকে ফেরত আনা সম্ভব হয়েছে। অসাধারণ কাজ! বেশিরভাগ মানুষই এটিকে অসম্ভব বলে মনে করেছিল। আমার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন।”
এর আগে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজার উপত্যকা থেকে তাদের শেষ বন্দির মরদেহ শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়, সার্জেন্ট ফার্স্ট ক্লাস র্যাংভিলির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তা দাফনের জন্য ইসরায়েলে পাঠানো হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, এর মধ্য দিয়ে গাজা থেকে সব বন্দিকে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হলো।
এই ঘোষণা আসে এমন একদিন পর, যখন রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গভিলির মরদেহ ফেরত আসার পর গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে।
সূত্র: মিডল ইস্ট আই।