দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের, ২৫ শতাংশে নেওয়ার ঘোষণা
দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাড়ি, কাঠ ও ওষুধসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বর্তমান ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার কথা জানান তিনি। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে করা আগের বাণিজ্য চুক্তির শর্ত সঠিকভাবে মানছে না—এ অভিযোগ তুলে এই সিদ্ধান্তের কথা বলেন ট্রাম্প।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, দক্ষিণ কোরিয়ার সংসদ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটি বাস্তবায়ন ও অনুমোদনে ব্যর্থ হয়েছে। এ কারণে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি, যদিও বিষয়টি দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট বলেও উল্লেখ করেন।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, শুল্ক বাড়ানোর পরিকল্পনার বিষয়ে তারা আগে থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। বিষয়টি নিয়ে আলোচনা করতে বর্তমানে কানাডায় থাকা দেশটির বাণিজ্যমন্ত্রী কিম জুং-কোয়ান যুক্তরাষ্ট্র সফর করবেন এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্য টানাপোড়েনের অবসান ঘটে। গত অক্টোবরে ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের বৈঠকের পর চুক্তিটি চূড়ান্ত হয়। এতে দক্ষিণ কোরিয়া বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেয় এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার গাড়ি, যন্ত্রাংশ ও ওষুধের ওপর শুল্ক সর্বোচ্চ ১৫ শতাংশে সীমিত রাখার সিদ্ধান্ত নেয়।
চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার গাড়ির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে ট্রাম্পের নতুন ঘোষণা কার্যকর হলে আবারও সেই শুল্ক ২৫ শতাংশে ফিরে যাবে।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির প্রায় ২৭ শতাংশ আসে গাড়ি শিল্প থেকে এবং দেশটির মোট গাড়ি রপ্তানির প্রায় অর্ধেকই যায় মার্কিন বাজারে।