হাত ধরেই প্রেমের ইঙ্গিত, অবশেষে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিশা পাটানি ও তলবিন্দরের
দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে একসঙ্গে ধরা পড়লেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও পাঞ্জাবি জনপ্রিয় গায়ক তলবিন্দর সিং সিধু। হাজারো দর্শকের ভিড়ের মধ্যেই হাত ধরে হাঁটার দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ায় তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
চলতি মাসের শুরুতে উদয়পুরে অভিনেত্রী নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে দেখা যায় দিশা ও তলবিন্দরকে। তখন দিশার পাশে থাকা মানুষটি অনেকের কাছেই অচেনা ছিলেন। পরে ওই অনুষ্ঠানের একটি ভিডিওতে তার মুখ স্পষ্টভাবে দেখা গেলে নেটিজেনদের কৌতূহল বাড়তে থাকে। এরপর উদয়পুর থেকে মুম্বাই ফেরার সময় একই ফ্লাইটে এবং নূপুরের রিসেপশনেও একসঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় দুজনকে।
সবচেয়ে আলোচনার জন্ম দেয় মুম্বাইয়ে আয়োজিত লোলাপালুজা ইন্ডিয়া কনসার্টের একটি মুহূর্ত। আন্তর্জাতিক শিল্পী কেহলানির সঙ্গে পারফরম্যান্স শেষে তলবিন্দর মঞ্চ ছাড়ার সময় দিশা পাটানির হাত ধরে এগিয়ে যান। কোনো রাখঢাক ছাড়াই তাদের এই উপস্থিতি অনেকের কাছেই সম্পর্কের নীরব স্বীকৃতি হিসেবে ধরা পড়েছে।
যদিও এখনো পর্যন্ত দিশা বা তলবিন্দর কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা জানাননি, তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, প্রকাশ্য হাত ধরা মুহূর্তই তাদের ভালোবাসার স্পষ্ট ইঙ্গিত।