শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বপশ্চিম তীরে ইতালির পুলিশ কর্মকর্তাদের হুমকির ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল ইতালি

পশ্চিম তীরে ইতালির পুলিশ কর্মকর্তাদের হুমকির ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল ইতালি

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিম তীরে ইতালির পুলিশ কর্মকর্তাদের হুমকির ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল ইতালি

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে দুই ইতালীয় পুলিশ কর্মকর্তাকে বন্দুকের মুখে হুমকি দেওয়ার ঘটনায় সোমবার রোমে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ইতালি সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জেরুজালেমে ইতালির কনস্যুলেট জেনারেলে কর্মরত দুই কারাবিয়েনেরি কর্মকর্তা রামাল্লাহর কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে থামানো হয়। ধারণা করা হচ্ছে, একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে তাদের হুমকি দেয়।

রবিবার ঘটে যাওয়া এই ঘটনার বিষয়ে তীব্র প্রতিবাদ জানাতে এবং এর ব্যাখ্যা জানতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির অনুরোধে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানানো হয়।

পরবর্তী এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইতালীয় কর্তৃপক্ষ ইসরায়েলি রাষ্ট্রদূতের কাছে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি পশ্চিম তীরে সহিংস বসতি স্থাপনকারীদের আচরণ নিয়ে ইতালি সরকারের গভীর উদ্বেগও পুনর্ব্যক্ত করা হয়েছে।

এ ছাড়া তেল আবিবে অবস্থিত ইতালির দূতাবাস থেকেও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, কারাবিয়েনেরি হলো ইতালির একটি বিশেষ সামরিক আইন প্রয়োগকারী বাহিনী, যা ২০০০ সাল থেকে দেশটির সশস্ত্র বাহিনীর একটি স্বতন্ত্র শাখা হিসেবে কাজ করছে।
সূত্র: আল-অ্যারাবিয়া