ফ্রান্স থেকে প্রথম রাফাল যুদ্ধবিমানের বহর পেল ইন্দোনেশিয়া
আধুনিক রাফাল যুদ্ধবিমানের প্রথম বহর গ্রহণ করেছে ইন্দোনেশিয়া। ফ্রান্স থেকে উড্ডয়ন করে তিনটি রাফাল ফাইটার জেট দেশটির সুমাত্রা দ্বীপের একটি বিমান ঘাঁটিতে পৌঁছেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ফ্রান্সের দা-সো অ্যাভিয়েশনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী মোট ৪২টি রাফাল যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া। এর পাশাপাশি ফ্রিগেট ও সাবমেরিন ক্রয়ের চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে। চলতি বছরের শেষ নাগাদ ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে আরও কয়েকটি রাফাল যুক্ত হওয়ার কথা রয়েছে।
ফরাসি প্রতিষ্ঠান দা-সো অ্যাভিয়েশনের তৈরি রাফাল হলো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি অত্যাধুনিক ফাইটার জেট। এটি শব্দের চেয়েও প্রায় ১.৮ গুণ বেশি গতিতে উড়তে সক্ষম। বর্তমানে ভারত, মিসর, কাতার, ক্রোয়েশিয়া সহ বিশ্বের একাধিক দেশের বিমান বাহিনীতে রাফাল যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে।