শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বনুরি আল-মালিকি ক্ষমতায় ফিরলে ইরাক দারিদ্র্য ও বিশৃঙ্খলায় পড়বে: ট্রাম্প

নুরি আল-মালিকি ক্ষমতায় ফিরলে ইরাক দারিদ্র্য ও বিশৃঙ্খলায় পড়বে: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
নুরি আল-মালিকি ক্ষমতায় ফিরলে ইরাক দারিদ্র্য ও বিশৃঙ্খলায় পড়বে: ট্রাম্প

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে পুনরায় ক্ষমতায় আনার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আল-মালিকি আবার প্রধানমন্ত্রী হলে ইরাক দারিদ্র্য ও অস্থিরতার মধ্যে পড়ে যেতে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “এটা আর ঘটতে দেওয়া উচিত নয়। নুরি আল-মালিকি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ইরাককে আর সহায়তা করবে না। আমাদের সহায়তা ছাড়া ইরাক কখনোই সফল বা সমৃদ্ধ হতে পারবে না। ইরাককে আবার শক্তিশালী করুন।”

ইসলামিক দাওয়া পার্টির নেতা নুরি আল-মালিকি ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। সম্প্রতি শিয়া সমন্বয় জোট তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে। নভেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে শিয়া জোট ৩২৯টি আসনের মধ্যে ১৮৭টিতে জয় পায়।

ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ আল-মালিকিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে দেশ রাজনৈতিক স্থিতিশীলতা, অংশীদারত্ব ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।

১৯৫০ সালে জন্মগ্রহণ করা আল-মালিকি ১৯৬৮ সালে দাওয়া পার্টিতে যোগ দেন। সাদ্দাম হোসেনের শাসনামলে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়ে ইরানে আশ্রয় নেন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মাধ্যমে সাদ্দামের পতনের পর ইরাক দীর্ঘদিন অস্থিরতার মধ্য দিয়ে যায়। আল-মালিকির শাসনামলের শেষ দিকে, বিশেষ করে ২০১৩-১৪ সালে, আইএসআইএস ইরাকের বড় অংশ দখল করে নেয়।

এদিকে, মার্কিন বিশেষ দূত মার্ক সাভায়া সতর্ক করে বলেছেন, ইরাকি নেতাদের বর্তমান সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশটি ভবিষ্যতে ‘শক্তিশালী ও সার্বভৌম’ হবে নাকি আবারও ‘খণ্ডিত ও পতনের’ পথে এগিয়ে যাবে।