শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বযুক্তরাজ্যে মুখ থুবড়ে পড়ল অ্যামাজনের ডকুমেন্টারি ‘মেলানিয়া’, বিক্রি মাত্র এক টিকিট

যুক্তরাজ্যে মুখ থুবড়ে পড়ল অ্যামাজনের ডকুমেন্টারি ‘মেলানিয়া’, বিক্রি মাত্র এক টিকিট

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাজ্যে মুখ থুবড়ে পড়ল অ্যামাজনের ডকুমেন্টারি ‘মেলানিয়া’, বিক্রি মাত্র এক টিকিট

অ্যামাজনের বহুল আলোচিত ও ব্যয়বহুল ডকুমেন্টারি ‘মেলানিয়া’ যুক্তরাজ্যের বক্স অফিসে চরম ব্যর্থতার মুখে পড়েছে। শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটির জন্য বিক্রি হয়েছে মাত্র একটি টিকিট।


দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ডকুমেন্টারিটি নির্মাণে অ্যামাজনের ব্যয় হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ডলার। এর বাইরে প্রচারণায় খরচ করা হয়েছে আরও ৩৫ মিলিয়ন ডলার। সব মিলিয়ে প্রায় ৭৫ মিলিয়ন ডলারের বিনিয়োগের বিপরীতে দর্শক আগ্রহ ছিল নিতান্তই কম, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাইরে।


তবে যুক্তরাষ্ট্রে ছবিটি প্রায় ১ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সেখানে উদ্বোধনী সপ্তাহে সর্বনিম্ন ১ মিলিয়ন থেকে সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বিপুল বিনিয়োগের তুলনায় খুবই সামান্য।


সমালোচনার জবাবে অ্যামাজন জানিয়েছে, রাজনৈতিক কোনো উদ্দেশ্যে নয়; দর্শক চাহিদা বিবেচনায় নিয়েই তারা এই প্রকল্পে বিনিয়োগ করেছে।


ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন রাশ আওয়ার খ্যাত পরিচালক ব্রেট রেটনার। এক দশকেরও বেশি সময় পর এটি তার প্রথম ফিচার ফিল্ম। ছবিটি মুক্তির আগে চলচ্চিত্র সমালোচকদের জন্য কোনো বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়নি। ফলে দর্শকদের টিকিট কেটে সিনেমা দেখেই মতামত দিতে হচ্ছে।


এদিকে যুক্তরাজ্যের এক সিনেমা অপারেটর রিচার্ড রিচার্ডস জানান, এই চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়ে দর্শকদের কাছ থেকে বিপুল সংখ্যক আপত্তিমূলক ইমেইল পেয়েছেন তারা।