ট্রাম্পের শুল্ক হুমকির জেরে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা কিউবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে কিউবা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলা স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রশাসন অস্বাভাবিক ও উসকানিমূলক হুমকি দিয়ে যাচ্ছে। তার ভাষায়, এসব হুমকি মার্কিন কিউবাবিরোধী নব্য-ফ্যাসিবাদী ডানপন্থী গোষ্ঠীর প্ররোচনায় সৃষ্টি হচ্ছে।
ব্রুনো রদ্রিগেজ আরও বলেন, এই ধরনের হুমকি শুধু বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্যই ঝুঁকিপূর্ণ নয়, বরং তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকেও মারাত্মকভাবে বিপন্ন করছে। একই সঙ্গে পারমাণবিক হুমকি ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মানবজাতির অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে সই করে কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আদেশে তিনি হুঁশিয়ারি দেন, যেসব দেশ কিউবাকে জ্বালানি তেল সরবরাহ করবে, সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
তবে এই নির্বাহী আদেশের পরদিনই চীন (বেইজিং) যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যান করে এবং বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা জোরদারের পক্ষে অবস্থান নেয়।