শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বগাজায় ইসরায়েলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত, নিহতদের মধ্যে ৬ শিশু

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত, নিহতদের মধ্যে ৬ শিশু

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত, নিহতদের মধ্যে ৬ শিশু

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আরও অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশু ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে তিন শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এছাড়া একইদিন গাজার পশ্চিমাঞ্চলের রেমাল পাড়ায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, বিস্ফোরণের তীব্রতা আশপাশের এলাকায় অনুভূত হয়েছে এবং কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। হামলায় ভবনে থাকা এক মা ও তার সন্তানদের প্রাণহানি ঘটে।

অন্যদিকে, গাজা শহরের দারাজ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে বোমা হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন। সাংবাদিকরা জানান, এসব হামলা তথাকথিত ‘হলুদ লাইন’-এর ভেতরেই চালানো হয়েছে।

এদিকে সর্বশেষ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ-এর প্রধান ফিলিপ লাজ্জারিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের ঘোষিত যুদ্ধবিরতিকে ‘নামে মাত্র যুদ্ধবিরতি’ বলে মন্তব্য করেন।

লাজ্জারিনি বলেন, প্রকৃত যুদ্ধবিরতি মানে বন্দুকের শব্দ থেমে যাওয়া এবং যুদ্ধের অবসানের পথে অগ্রসর হওয়া। গাজার জনগণের জন্য একটি বাস্তব ও কার্যকর যুদ্ধবিরতি জরুরি।