শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বদক্ষিণ ইরানে পৃথক বিস্ফোরণে নিহত ৭, গ্যাস লিকেজের ব্যাখ্যা নিয়ে সন্দেহ

দক্ষিণ ইরানে পৃথক বিস্ফোরণে নিহত ৭, গ্যাস লিকেজের ব্যাখ্যা নিয়ে সন্দেহ

favicon
ভোরের আলো ডেস্ক:
দক্ষিণ ইরানে পৃথক বিস্ফোরণে নিহত ৭, গ্যাস লিকেজের ব্যাখ্যা নিয়ে সন্দেহ

দক্ষিণ ইরানে পৃথক দুটি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা গ্যাস লিকেজকে এ ঘটনার কারণ হিসেবে উল্লেখ করলেও স্থানীয় বাসিন্দারা সেই ব্যাখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে ইসরায়েল এসব বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।


ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, শনিবার দক্ষিণের বন্দরনগরী বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন নিহত এবং ১৪ জন আহত হন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও একই তথ্য প্রকাশ করেছে। তবে ইরান ইন্টারন্যাশনালের কাছে পাওয়া এক ভিডিওতে স্থানীয় এক বাসিন্দা দাবি করেন, বিস্ফোরণের সময় ভবনটিতে এখনো গ্যাস সংযোগ চালু হয়নি।


ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, ভবনটির দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।


এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বন্দর আব্বাসের বিস্ফোরণটি তাদের নৌবাহিনীর কমান্ডারকে লক্ষ্য করে ঘটেছে—এমন গুজব অস্বীকার করেছে। আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।


অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে গ্যাস লিকেজজনিত আরেকটি বিস্ফোরণে পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।


রয়টার্সের উদ্ধৃতিতে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, এসব বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই।


ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।