শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বযমুনা দূষণে দিল্লিতে ভয়াবহ পানিসংকট, বিপাকে ২০ লাখ মানুষ

যমুনা দূষণে দিল্লিতে ভয়াবহ পানিসংকট, বিপাকে ২০ লাখ মানুষ

favicon
ভোরের আলো ডেস্ক:
যমুনা দূষণে দিল্লিতে ভয়াবহ পানিসংকট, বিপাকে ২০ লাখ মানুষ

ভারতের রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানিতে মাত্রাতিরিক্ত অ্যামোনিয়া ও শিল্পবর্জ্যের দূষণের কারণে ভয়াবহ পানিসংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে শহরের লাখ লাখ মানুষ নিরাপদ পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন। কোথাও পানি সরবরাহ পুরোপুরি বন্ধ, আবার কোথাও কল দিয়ে দুর্গন্ধযুক্ত কালো পানি বের হচ্ছে।


দিল্লি পানি বোর্ড জানিয়েছে, যমুনা নদীতে অ্যামোনিয়ার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় শহরের ৯টি প্রধান পানি শোধনাগারের মধ্যে ৬টি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এর ফলে অন্তত ৪৩টি এলাকার প্রায় ২০ লাখ মানুষ সরাসরি পানিসংকটে পড়েছেন।


দিল্লির মোট পানির চাহিদার প্রায় ৪০ শতাংশই যমুনা নদী থেকে পূরণ হয়। অথচ সরকারি তথ্য অনুযায়ী, নদীটির মোট দূষণের প্রায় ৭৬ শতাংশই ঘটে দিল্লির সীমানার ভেতরে।


উত্তর-পশ্চিম দিল্লির বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। শর্মা এনক্লেভ এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সী রবীন্দর কুমার জানান, তিন দিনে মাত্র এক ঘণ্টার জন্য পানি আসে, তাও এতটাই নোংরা যে ব্যবহার করা সম্ভব নয়।


একই এলাকার বাসিন্দা শশী বালা জানান, বাধ্য হয়ে দূষিত পানি দিয়ে কাপড় ধোয়ার ফলে তার ত্বকে চর্মরোগ দেখা দিয়েছে। অনেক বাসিন্দার পক্ষেই বোতলজাত পানি কিনে পান করা সম্ভব হচ্ছে না।


বিশেষজ্ঞরা বলছেন, শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য, নদীর পানিতে ভাসমান বিষাক্ত সাদা ফেনা এবং অপরিকল্পিত নগরায়ণই এই সংকটের প্রধান কারণ। দিল্লি পানি বোর্ড অবৈধ পানির সংযোগ ও বুস্টার পাম্পকে দায়ী করলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।


সরকার জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে পয়ঃনিষ্কাশন পরিশোধন সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। তবে ১৯৯৩ সাল থেকে যমুনা অ্যাকশন প্ল্যানে বিপুল অর্থ ব্যয় করা হলেও নদীর দূষণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।


সূত্র: সিএনএন