শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বমেক্সিকোতে শিক্ষামন্ত্রীর স্বজন হত্যার ঘটনায় তিন সন্দেহভাজন গুলিতে নিহত

মেক্সিকোতে শিক্ষামন্ত্রীর স্বজন হত্যার ঘটনায় তিন সন্দেহভাজন গুলিতে নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
মেক্সিকোতে শিক্ষামন্ত্রীর স্বজন হত্যার ঘটনায় তিন সন্দেহভাজন গুলিতে নিহত

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির শিক্ষামন্ত্রীর পরিবারের দুই সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করেছে।


প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত কোলিমা মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে দেশটিতে সর্বোচ্চ হত্যার হার এই রাজ্যেই রেকর্ড করা হয়েছে।


স্থানীয় প্রসিকিউটর দপ্তর জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দুই নারীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন সন্দেহভাজনকে পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিতে হত্যা করে। পরে শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো নিহতদের তার খালা ইউজেনিয়া ডেলগাডো এবং চাচাতো বোন শেইলা হিসেবে শনাক্ত করেন।


এক্সে দেওয়া এক পোস্টে ডেলগাডো লেখেন, কোলিমায় ঘটে যাওয়া এই ঘটনায় তিনি গভীরভাবে বিস্মিত, ক্ষুব্ধ ও শোকাহত। তিনি জানান, নিজ বাড়িতেই তার খালা ও চাচাতো বোন নৃশংসভাবে নিহত হয়েছেন।


প্রসিকিউটর দপ্তরের তথ্যমতে, শনিবার বিকেলে সন্দেহভাজনদের গাড়ির সূত্র ধরে কোলিমার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হন। ওই বাড়ি থেকে অস্ত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে, যা এই দ্বৈত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।


তবে হামলার উদ্দেশ্য কিংবা অন্য কোনো সন্দেহভাজনের খোঁজ চলছে কি না—সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।


উল্লেখ্য, ২০২৪ সালে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম মারিও ডেলগাডোকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর আগে তিনি ক্ষমতাসীন মোরেনা দলের জাতীয় সভাপতি ছিলেন।