শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বভয়াবহ শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল, শতাধিক প্রাণহানি

ভয়াবহ শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল, শতাধিক প্রাণহানি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভয়াবহ শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল, শতাধিক প্রাণহানি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো এক ভয়াবহ শীতকালীন ঝড় ও তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। উত্তর ক্যারোলিনাসহ বিভিন্ন এলাকায় এক ফুটেরও বেশি তুষারপাতের পর এখন বিপজ্জনক ঠাণ্ডা ও পিচ্ছিল সড়কের কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।


উত্তর ক্যারোলিনার কান্নাপোলিসে ১৪ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিল শহরে ১১ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।


এছাড়া দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া ও ভার্জিনিয়ার বিভিন্ন এলাকাতেও উল্লেখযোগ্য পরিমাণে তুষারপাত হয়েছে। তীব্র শীত ও বরফে ঢাকা সড়কের কারণে শুধু উত্তর ক্যারোলিনাতেই এক হাজারের বেশি যানবাহন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যটির গভর্নর জোশ স্টেইন জানিয়েছেন, এসব দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন।


কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে গত এক সপ্তাহে দেশজুড়ে প্রাণহানির সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গভর্নর জোশ স্টেইন জনগণকে সতর্ক করে বলেন, রাস্তাঘাট এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানান।


এদিকে ফ্লোরিডায় গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ভেরো বিচ ও মেলবোর্ন এলাকায় তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে যথাক্রমে ২৭ ও ২৬ ডিগ্রি ফারেনহাইটে নেমে এসেছে, যা ফেব্রুয়ারি মাসের বহু বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।


নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল বেগে দমকা হাওয়া বইছে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে।


তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, নতুন সপ্তাহের শুরুতে উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসের গতিও ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।