রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বমোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প

মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প

ভারতের ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার কমে ১৮ শতাংশে দাঁড়াবে। দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিবন্ধকতা কমানো, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করা এবং যুক্তরাষ্ট্র ও সম্ভাব্যভাবে ভেনিজুয়েলা থেকে তেল কেনার প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলার পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মোদির প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে এবং তাঁর অনুরোধে একটি তাৎক্ষণিক কার্যকর বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামাবে।

ট্রাম্প আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য কেনার অঙ্গীকার করেছেন।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, পারস্পরিক ২৫ শতাংশ শুল্ক ছাড়াও রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হচ্ছে।

ফোনালাপের পর নিজের টুইটার পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে ভালো লেগেছে। ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্তে আমি অত্যন্ত আনন্দিত।’