শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বযুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতে কিয়েভ ও খারকিভে রাশিয়ার নতুন হামলা

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতে কিয়েভ ও খারকিভে রাশিয়ার নতুন হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতে কিয়েভ ও খারকিভে রাশিয়ার নতুন হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলা পুনরায় শুরু হয়েছে। তীব্র শীতের মধ্যে মঙ্গলবার এই হামলার তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।


ইউক্রেনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কিয়েভে রাতের তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে এবং পূর্বাঞ্চলীয় শহর খারকিভে তা মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।


গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, শীতকালীন এই সময়ে কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মত হয়েছেন। ক্রেমলিনও ঘোষণা দিয়েছিল, যুদ্ধবিরতি রবিবার পর্যন্ত কার্যকর থাকবে। তবে ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতির মধ্যেও রাশিয়া হামলা চালিয়ে গেছে।


কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, প্রচণ্ড শীতের রাতে রাজধানীতে রাশিয়া বড় ধরনের হামলা চালিয়েছে। তিনি নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানের আহ্বান জানান। পরে তিনি জানান, হামলায় কিয়েভে অন্তত দুজন আহত হয়েছেন।


অন্যদিকে, খারকিভ অঞ্চলের সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, সেখানে রাশিয়ার গোলাবর্ষণে আরও দুজন আহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা ধরে চলা এই হামলায় প্রধানত জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপহীন করে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধন করা।


উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্ণ হবে। এরই মধ্যে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বুধবার আবুধাবিতে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ভূখণ্ড সংক্রান্ত বিরোধে এখনো কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চাইলেও কিয়েভ তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।


সূত্র: রয়টার্স, এএফপি