ফ্রান্সে এক্স-এর কার্যালয়ে তল্লাশি, ইলন মাস্ককে তলবের ঘোষণা
প্যারিসের প্রসিকিউটরের সাইবার অপরাধ ইউনিট সন্দেহভাজন অপরাধের তদন্তের অংশ হিসেবে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর ফ্রান্সের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। তদন্তে অবৈধভাবে তথ্য আহরণ এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ বা বিতরণে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
প্রসিকিউটরের দপ্তর জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে এক্স প্ল্যাটফর্মের অ্যালগরিদমের মাধ্যমে সুপারিশকৃত কনটেন্ট পর্যালোচনার মাধ্যমে তদন্ত শুরু হয়। পরবর্তীতে তদন্তের পরিধি বাড়িয়ে এতে এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’-কেও অন্তর্ভুক্ত করা হয়।
এক বিবৃতিতে প্রসিকিউটর দপ্তর জানায়, ইলন মাস্ক এবং এক্স-এর সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আগামী এপ্রিল মাসে শুনানিতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এক্স। তবে এর আগে প্রতিষ্ঠানটি এই তদন্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছিল। গত বছরের জুলাইয়ে তদন্তের পরিধি সম্প্রসারণের সময় এক্স একে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও দাবি করে এবং অ্যালগরিদমে কারসাজির অভিযোগ অস্বীকার করে।
প্রসিকিউটররা জানিয়েছেন, সম্ভাব্য একাধিক আইন লঙ্ঘনের বিষয় তারা যাচাই করছেন। এর মধ্যে রয়েছে শিশুদের পর্নোগ্রাফিক ছবি সংরক্ষণ বা সংঘবদ্ধভাবে বিতরণে সহায়তা, যৌন ডিপফেকের মাধ্যমে ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সংগঠিত প্রতারণার মাধ্যমে তথ্য আহরণের অভিযোগ।
প্রসিকিউটর দপ্তর আরও জানায়, তারা এক্স প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ করছে এবং ভবিষ্যতে লিংকডইন ও ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ বজায় রাখবে।