শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বআরব সাগরে উত্তেজনা: মার্কিন বিমানবাহী রণতরীর কাছে আসা ইরানি ড্রোন ভূপাতিত

আরব সাগরে উত্তেজনা: মার্কিন বিমানবাহী রণতরীর কাছে আসা ইরানি ড্রোন ভূপাতিত

favicon
ভোরের আলো ডেস্ক:
আরব সাগরে উত্তেজনা: মার্কিন বিমানবাহী রণতরীর কাছে আসা ইরানি ড্রোন ভূপাতিত

আরব সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের কাছাকাছি চলে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ড্রোনটি আক্রমণাত্মক ভঙ্গিতে জাহাজের দিকে অগ্রসর হচ্ছিল।


মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, ইরানের তৈরি একটি শাহেদ-১৩৯ ড্রোন যুদ্ধজাহাজের দিকে ধেয়ে আসায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান থেকে সেটিতে গুলি চালানো হয়। এ ঘটনায় কোনো মার্কিন সদস্য বা সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।


ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম একটি ড্রোন নিখোঁজ হওয়ার খবর দিলেও কীভাবে সেটি হারিয়ে গেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি। এ ঘটনায় জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।


ঘটনার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়ে। বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম এক ডলারের বেশি বেড়ে যায়।


ড্রোন ভূপাতিত করার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালিতে ‘এমভি স্টেনা ইম্পেরেটিভ’ নামের একটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে থামানোর চেষ্টা করে ইরানের রেভোলিউশনারি গার্ডের নৌযানগুলো। তবে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাকফল হস্তক্ষেপ করলে জাহাজটি নিরাপদে নিজ গন্তব্যে চলে যায়।


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন নিয়ে আলোচনার চেষ্টা চলছে, ঠিক সেই সময়েই এই ঘটনাগুলো নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করে বলেছিলেন, আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।


বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর উপস্থিতি আরও জোরদার করেছে।


সূত্র: রয়টার্স