পাকিস্তানের বেলুচিস্তানে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান, মৃত্যুর সংখ্যা ছাড়াল ২৫০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে টানা তিন দিন ধরে চলমান ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ভারত-সমর্থিত’ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ১৯৭ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে নিরাপত্তা দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন অন্তত ২২ জন পাকিস্তানি সেনা। সন্ত্রাসী হামলা ও পরবর্তী অভিযানে শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) জিও নিউজ জানায়, গত ৩১ জানুয়ারি বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশের অন্তত ১২টি শহর ও জনপদে একযোগে হামলা চালায়। ওই হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর পরপরই বেলুচিস্তানজুড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান শুরু হয়।
নিরাপত্তা সূত্র জানায়, সপ্তাহান্তে কোয়েটা, মাস্তুং, নুশকি, দালবান্দিন, খারান, পাঞ্জগুর, টুম্প, গোয়াদার ও পাসনিসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটে। গত তিন দিনে এসব হামলায় নারী ও শিশুসহ মোট ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
হামলার পর নিরাপত্তা বাহিনী প্রদেশজুড়ে ব্যাপক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। প্রথম ধাপে অভিযানে ৯২ জন ‘ভারত-সমর্থিত জঙ্গি’ নিহত হয়েছেন বলে জানানো হয়, যাদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে আখ্যায়িত গোষ্ঠীর সদস্যরা নারী, শিশু, বৃদ্ধ ও শ্রমিকসহ অন্তত ১৮ জন নিরীহ নাগরিককে হত্যা করেছে। এসব হামলার লক্ষ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা।
আইএসপিআর আরও জানায়, নিরাপত্তা বাহিনী পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তবে তীব্র সংঘর্ষ ও দীর্ঘস্থায়ী মুখোমুখি লড়াইয়ে ওই দিনই ১৫ জন নিরাপত্তা সদস্য নিহত হন।