হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকার আটকানোর চেষ্টা, নৌবাহিনীর সহায়তায় রক্ষা
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার আটকের চেষ্টা করেছে ইরানের ছয়টি গানবোট। তবে মার্কিন নৌবাহিনীর সহায়তায় ট্যাংকারটি নিরাপদে সরে যেতে সক্ষম হয়। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সমুদ্র নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক মঙ্গলবার তাদের গ্রাহকদের জানায়, ইরানি নৌযানগুলোতে .৫০ ক্যালিবার মেশিনগান ছিল। তারা ট্যাংকারটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে ট্যাংকারটি গতি বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত একটি মার্কিন নৌযানের পাহারায় নিরাপদ স্থানে পৌঁছে যায়।
ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে পেন্টাগনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে ফক্স নিউজ।
এ ঘটনার প্রেক্ষাপটে ইরান সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ডে কোনো সামরিক হামলা হলে তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে দিতে পারে। একই সঙ্গে দেশটির শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের ইঙ্গিতও দিয়েছেন।
অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের সঙ্গে বৈঠক করবেন। পরে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করতে পারেন।
ইসরায়েলে আলোচনার মূল বিষয় থাকবে ইরান ইস্যু। এর আগে সপ্তাহান্তে আইডিএফ প্রধান আইয়াল জামির ওয়াশিংটন সফর করে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বের সঙ্গে’ আলোচনা করছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।
তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বড় ও শক্তিশালী নৌযান পাঠাচ্ছে এবং আশা প্রকাশ করেন যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ট্রাম্প বলেন, এমন একটি চুক্তি হতে পারে যাতে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না থাকে, যদিও ইরান সে পথে যাবে কি না—তা নিয়ে তিনি নিশ্চিত নন।